২০২৬ ফিফা বিশ্বকাপের হাইভোল্টেজ সেমিফাইনালে বুধবার রাতে আটলান্টায় মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ম্যাচটি পরিচালনার দায়িত্ব দিয়েছে ফিফা মরক্কো বংশোদ্ভূত মার্কিন রেফারি ইসমাইল এলফাতকে। এই নিয়োগের পরই আলোচনায় উঠে এসেছে তার সঙ্গে আর্জেন্টিনার একটি ব্যতিক্রমী পরিসংখ্যান।
ফুটবলভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ওয়ার্ল্ড সকার টক–এর তথ্য অনুযায়ী, ইসমাইল এলফাত ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করা কোনো ম্যাচেই এখন পর্যন্ত হারেনি লিওনেল মেসির দল। তার উপস্থিতিতে আর্জেন্টিনা ও ইন্টার মায়ামি মিলিয়ে পাঁচটি ম্যাচ খেলেছে মেসির দল এবং প্রতিটি ম্যাচেই জয় পেয়েছে।
এই তালিকার সবচেয়ে স্মরণীয় ম্যাচটি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনাল। লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সেই ম্যাচে চতুর্থ অফিসিয়ালের দায়িত্বে ছিলেন ইসমাইল এলফাত।
২০২৩ সালে মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পরও এলফাত চারটি ম্যাচ পরিচালনা করেন। প্রতিটি ম্যাচেই জয় পায় যুক্তরাষ্ট্রের ক্লাবটি। এর মধ্যে ছিল লিগস কাপের ফাইনালও, যেখানে টাইব্রেকারে ন্যাশভিল এসসিকে হারিয়ে ক্লাব ইতিহাসের প্রথম শিরোপা জেতে ইন্টার মায়ামি।
কে এই ইসমাইল এলফাত
৪৪ বছর বয়সী ইসমাইল এলফাতের জন্ম মরক্কোয়। মাত্র ১৮ বছর বয়সে যুক্তরাষ্ট্রের ডাইভার্সিটি ভিসা লটারিতে নির্বাচিত হয়ে তিনি আমেরিকায় পাড়ি জমান। এরপর ধীরে ধীরে রেফারিংয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
২০১২ সাল থেকে তিনি মেজর লিগ সকার (এমএলএস)-এ রেফারির দায়িত্ব পালন করছেন। দক্ষ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে দুইবার এমএলএসের বর্ষসেরা রেফারির পুরস্কারও জিতেছেন।
২০২২ সালের কাতার বিশ্বকাপেও দায়িত্ব পালন করেছিলেন এলফাত। ওই আসরে আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনালে চতুর্থ অফিসিয়ালের দায়িত্বে ছিলেন তিনি। একই বিশ্বকাপে ক্যামেরুনের স্ট্রাইকার ভিনসেন্ট আবুবাকারকে গোল উদযাপনের সময় জার্সি খুলে ফেলায় দ্বিতীয় হলুদ কার্ড দেখানোর আগে হাসিমুখে হ্যান্ডশেক করার ঘটনাও ব্যাপক আলোচনায় আসে।
চলতি বিশ্বকাপে তার পারফরম্যান্স
চলমান ২০২৬ বিশ্বকাপে এটি হবে ইসমাইল এলফাতের চতুর্থ ম্যাচ পরিচালনা। এর আগে তিনি গ্রুপ পর্বে জাপান-নেদারল্যান্ডস ও স্পেন-উরুগুয়ের ম্যাচ এবং শেষ ষোলোতে ব্রাজিলের বিপক্ষে নরওয়ের ২-১ ব্যবধানের ঐতিহাসিক জয় পরিচালনা করেছেন।
এ পর্যন্ত টুর্নামেন্টে তিনি ছয়টি হলুদ কার্ড দেখিয়েছেন। স্পেন-উরুগুয়ে ম্যাচে স্পেনের ডিফেন্ডার পাউ কুবার্সির ওপর গুরুতর ফাউলের দায়ে উরুগুয়ের মিডফিল্ডার অগুস্তিন কানোবিওকে সরাসরি লাল কার্ড দেখান। সিদ্ধান্তের প্রতিবাদে কানোবিও রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং তার জার্সি টেনে ধরেন, যা ম্যাচের অন্যতম আলোচিত ঘটনা ছিল।
ইংল্যান্ড-আর্জেন্টিনা সেমিফাইনালে এলফাতকে সহায়তা করবেন তার স্বদেশি সহকারী রেফারি কোরি পার্কার ও কাইল অ্যাটকিন্স। চতুর্থ অফিসিয়ালের দায়িত্ব পালন করবেন ইতালির মাউরিজিও মারিয়ানি।
এবারের সেমিফাইনালে তাই শুধু দুই ফুটবল পরাশক্তির লড়াই নয়, আলোচনায় থাকবেন ইসমাইল এলফাতও। তার উপস্থিতিতে আর্জেন্টিনার অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ন থাকে কি না, সেটিই এখন দেখার অপেক্ষা।