| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
শিক্ষা

জবির পোগোজ ল্যাবরেটরি স্কুলে জিপিএ-৫ প্রাপ্ত ১৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার আহ্বান উপাচার্যের

প্রান্ত বসু, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
আপডেট: ২৩ আগস্ট ২০২৬, ০৪:৫৭
জবির পোগোজ ল্যাবরেটরি স্কুলে জিপিএ-৫ প্রাপ্ত ১৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
ছবিঃ নিউজ.জংশন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধীন পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের পাশাপাশি এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, জীবনের প্রথম ধাপে শিক্ষার্থীরা সফলতা অর্জন করেছে। এই সফলতাকে সামনে রেখে ভবিষ্যতের জন্য বড় স্বপ্ন দেখতে হবে। আগামী দিনে দেশ ও জাতির নীতি-নির্ধারণী পর্যায়ে গিয়ে দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।

তিনি আরও বলেন, জীবনের প্রতিটি পরীক্ষায় সফল হওয়ার পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। মার্জিত আচরণ, বিনয় ও নৈতিক মূল্যবোধকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ধারণ করতে হবে। জ্ঞান, মানবিকতা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তিনি।

পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের উন্নয়ন প্রসঙ্গে উপাচার্য বলেন, প্রতিষ্ঠানটিকে একটি সত্যিকারের ‘ল্যাবরেটরি স্কুল’ হিসেবে গড়ে তুলে দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাজ করছে। এ লক্ষ্যে উন্নত কারিকুলাম প্রণয়ন, শিক্ষার মানোন্নয়ন ও প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। তিনি বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জন্য অত্যন্ত প্রেরণাদায়ক। শিক্ষার্থীদের অর্জিত সাফল্য তাদের কঠোর পরিশ্রমের বহিঃপ্রকাশ। ভবিষ্যতে তারা আরও বড় সাফল্য অর্জন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ১৪ শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানানো হয়।

এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আজম খান এবং পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদ। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবদুস সাত্তার। তিনি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের অর্জিত সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে উচ্চশিক্ষা ও কর্মজীবনে আরও সাফল্য অর্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২