বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির নেত্রী ও সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এ ধরনের মন্তব্যে তাঁরা মর্মাহত ও ক্ষুব্ধ।
বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে রাকিবুল ইসলাম রাকিব লেখেন, “প্রিয় নিলোফার চৌধুরী মনি আপা, এমপি, আপনি দীর্ঘদিন ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামের একজন গুরুত্বপূর্ণ সহযোদ্ধা ছিলেন। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আপনার অনবদ্য ভূমিকা রয়েছে। কিন্তু গতকাল একটি টকশোতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে আপনার অযাচিত বক্তব্যে আমরা অত্যন্ত মর্মাহত এবং ক্ষুব্ধ।”
তিনি আরও বলেন, “আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। আমরা জানি, আপনি জুলাইয়ের চেতনা ধারণকারী একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ। তাই ভবিষ্যতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আপনি আরও সংযত ও শ্রদ্ধাশীল হবেন, সেই প্রত্যাশা করি।”
রাকিবুল ইসলাম রাকিবের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে নিলোফার চৌধুরী মনির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।