নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর বঙ্গভবন ও আশপাশের এলাকায় যান চলাচলে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ডিএমপির এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, মন্ত্রিপরিষদের সদস্য, কূটনীতিক, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
অতিথিদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে শুক্রবার দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গভবন ও আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা কার্যকর থাকবে। তবে আমন্ত্রিত অতিথিদের যানবাহনের ক্ষেত্রে এসব নির্দেশনা প্রযোজ্য হবে না।
ডিএমপির নির্দেশনাগুলো হলো—
১. মতিঝিল শাপলা চত্বরের অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা (বঙ্গভবন রোড) ও রাজউক ক্রসিং (ডিআইটি রোড) পর্যন্ত সব ধরনের যানবাহনের প্রবেশ বন্ধ থাকবে।
২. শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী বাসগুলো দৈনিক বাংলা–ইউবিএল–প্রেসক্লাব হয়ে চলাচল করবে। প্রয়োজনে বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।
৩. দৈনিক বাংলা থেকে রাজউকের দিকে কোনো বাণিজ্যিক যানবাহন চলাচল করতে পারবে না।
৪. হানিফ ফ্লাইওভার থেকে আসা যানবাহনগুলো জিরো পয়েন্টে ইউটার্ন না করে বামে ফুলবাড়িয়া অথবা ডানে ইউবিএল ক্রসিং হয়ে দৈনিক বাংলা–শাপলা চত্বর অথবা জিরো পয়েন্ট–ইউবিএল ক্রসিং–নাইটিঙ্গেল ক্রসিং–ফকিরাপুল ক্রসিং–ইত্তেফাক রুট ব্যবহার করবে।
ডিএমপি নগরবাসী ও চালকদের এসব সড়ক এড়িয়ে সম্ভব হলে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে। সাময়িক ট্রাফিক নিয়ন্ত্রণের কারণে সৃষ্ট ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনায় সবার সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।