সৌদি আরবের রাজধানী রিয়াদের মানফুয়া এলাকায় একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর শ্রমিকদের পরিবারের খোঁজ নিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
প্রতিমন্ত্রী নুরুল হক নুরের নির্দেশে গণঅধিকার পরিষদের একটি প্রতিনিধি দল বুধবার (১২ আগস্ট) বিকেল ৪টায় নওগাঁর আত্রাই উপজেলায় নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাদের খোঁজখবর নেন।
এ সময় প্রতিনিধি দলের সদস্যরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং দ্রুত সময়ের মধ্যে মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার কাজ করছে বলে তাদের আশ্বস্ত করেন। একই সঙ্গে ভবিষ্যতেও নিহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানানো হয়।
ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে অনুদান দেওয়া হয়েছে বলেও জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ, যুব অধিকার পরিষদের সভাপতি নাদিম হাসান, সহসভাপতি আসমাউল হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক এস এম সাব্বির হোসেন, জয়পুরহাট জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আবুল কালাম আজাদ, নওগাঁ জেলা যুব অধিকার পরিষদের সহসভাপতি রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদক সোহেল রানা প্রমুখ।