| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

অবৈধ বালু উত্তোলন: ইউপি সদস্যকে জরিমানা, একজনের জেল

নিউজ জংশন ডেস্ক
আপডেট: ০৩ আগস্ট ২০২৬, ০৩:২৯
অবৈধ বালু উত্তোলন: ইউপি সদস্যকে জরিমানা, একজনের জেল
ছবিঃ নিউজ জংশন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর এলাকায় মনু নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, মজুদ ও পরিবহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে এক ইউপি সদস্য ও তার ছেলেকে অর্থদণ্ড এবং অপর এক ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি রাস্তা দখলমুক্ত করে সীমানা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর এলাকায় মনু নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস।

অভিযানে শরীফপুর ইউনিয়নের ইউপি সদস্য লাল মিয়া ও তার ছেলেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং নিজ বাড়িতে বালু মজুদ রাখার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মো. মাসুম মিয়া নামে এক ব্যক্তিকে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান চলাকালে পূর্বে জব্দ করা বালুর সঙ্গে নতুন করে জব্দ করা বালুও স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে দ্রুততম সময়ে জব্দকৃত বালু নিলামের ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই অভিযানে শরীফপুর ইউনিয়নের একটি সরকারি রাস্তা দখলমুক্ত করে সড়কের সীমানা (ডিমার্কেশন) নির্ধারণ করে দেওয়া হয়।

কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস জানান, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, মজুদ ও পরিবহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় কোনো ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২