রাজশাহীর পুঠিয়ায় অবৈধভাবে সার মজুত করে বিক্রয়ের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সাতবাড়িয়া ও ধোপাপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ।
অভিযানে অবৈধভাবে মজুত করা ৮ বস্তা টিএসপি সার উদ্ধার করে সরকার নির্ধারিত মূল্যে সাধারণ কৃষকদের মধ্যে বিক্রি করা হয়। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ কীটনাশক ধ্বংস করা হয়।
অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট তৈরির অপরাধে দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ বলেন, “কৃষকদের স্বার্থ সুরক্ষা, সারের কৃত্রিম সংকট ও অবৈধ মজুতদারি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
কৃষকদের ন্যায্য মূল্যে সার ও কীটনাশক প্রাপ্তি নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা করা হলে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমার পাশাপাশি কৃষকদের মধ্যে স্বস্তি ও আস্থা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।