নাটকীয়তায় ভরপুর বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই শেষে কোয়ার্টার ফাইনালের আট দল চূড়ান্ত হয়েছে। শেষ ম্যাচে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় সুইজারল্যান্ড। এর মধ্য দিয়ে নিশ্চিত হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শেষ আটের প্রতিপক্ষও।
আগামী ১২ জুলাই (রোববার) বাংলাদেশ সময় সকাল ৭টায় কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে দুই দলের মধ্যকার লড়াইকে ঘিরে ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
চলতি বিশ্বকাপের নকআউট পর্বে বেশ কয়েকটি অঘটন ঘটেছে। শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল, প্যারাগুয়ে এবং স্বাগতিক তিন দেশ—কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। অন্যদিকে সব বাধা পেরিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা, সুইজারল্যান্ড, মরক্কো, ফ্রান্স, নরওয়ে, ইংল্যান্ড, স্পেন ও বেলজিয়াম।
আর্জেন্টিনার এবারের বিশ্বকাপ যাত্রা ছিল রোমাঞ্চে ভরা। গ্রুপ ‘জে’ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে ওঠার পর শেষ বত্রিশে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে আলবিসেলেস্তেরা। এরপর আরেকটি শ্বাসরুদ্ধকর ম্যাচে মিশরকে ৩-২ ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
টুর্নামেন্টের সূচি অনুযায়ী, সুইজারল্যান্ডকে হারাতে পারলে সেমিফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হবে ইংল্যান্ড অথবা নরওয়ে। অন্যদিকে ফাইনালে উঠতে পারলে প্রতিপক্ষ হিসেবে আসতে পারে কিলিয়ান এমবাপের ফ্রান্স কিংবা ইউরো চ্যাম্পিয়ন স্পেন। বর্তমান ড্র অনুযায়ী, ফ্রান্স বা স্পেনের সঙ্গে ফাইনালের আগে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কোনো সম্ভাবনা নেই।
ফলে শিরোপা ধরে রাখার মিশনে থাকা আর্জেন্টিনাকে ঘিরে সমর্থকদের স্বপ্ন আরও উজ্জ্বল হয়ে উঠেছে। এখন দেখার বিষয়, সুইজারল্যান্ডের বাধা পেরিয়ে মেসির দল সেমিফাইনালের পথে আরেক ধাপ এগোতে পারে কি না।