মৌলভীবাজারে কাজিরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও একতা স্পোর্টিং ক্লাবের সভাপতি মরহুম এবাদুল হক দুলুর স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় আপ্তাবউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শফিউল আলম জগলুর সভাপতিত্বে এবং কায়সার আহমেদ ও শিবলু আহমদের যৌথ সঞ্চালনায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান। এছাড়াও শিক্ষক, কাব ও স্কাউট সদস্য, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং মরহুমের অসংখ্য শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা মরহুম এবাদুল হক দুলুর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি ছিলেন একতা স্পোর্টিং ক্লাবের নিবেদিতপ্রাণ সংগঠক ও অভিভাবক। শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর অবদান এলাকার মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
তাঁরা বলেন, মরহুমের মৃত্যুতে একতা স্পোর্টিং ক্লাব এবং প্রাথমিক শিক্ষা পরিবারে যে গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর কর্ম, ভালোবাসা, নেতৃত্ব ও সমাজের প্রতি অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
স্মরণ সভা শেষে মরহুম এবাদুল হক দুলুর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।