দেশের উপজেলা পর্যায়ের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিশেষ উদ্যোগের অংশ হিসেবে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন সশস্ত্র অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস আদেশের আলোকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে হাসপাতালের নিরাপত্তা জোরদার, রোগী ও তাদের স্বজনদের সুরক্ষা নিশ্চিত এবং স্বাস্থ্যসেবা কার্যক্রম নির্বিঘ্ন রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, মোতায়েনকৃত আনসার সদস্যরা হাসপাতালের সার্বিক নিরাপত্তা, জরুরি পরিস্থিতি মোকাবিলা, শৃঙ্খলা বজায় রাখা এবং সেবাগ্রহীতাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দায়িত্ব পালন করবেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগের ফলে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে। পাশাপাশি রোগী, স্বজন ও স্বাস্থ্যকর্মীরা আরও নিরাপদ পরিবেশে স্বাস্থ্যসেবা গ্রহণ ও প্রদান করতে পারবেন।