| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

কুলাউড়াবাসীর সেবক হয়ে কাজ করতে চাই — সাইফুল ইসলাম খান

গণমাধ্যমের সহযোগিতায় টেকসই উন্নয়ন গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত

জামাল হোসেন তারেক, বিশেষ প্রতিনিধি
আপডেট: ২১ জুন ২০২৬, ০৭:৩০
কুলাউড়াবাসীর সেবক হয়ে কাজ করতে চাই — সাইফুল ইসলাম খান
ছবিঃ নিউজ.জংশন

স্থানীয় উন্নয়ন, জনসেবা ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুলাউড়ার সাংবাদিকদের সংগঠন ‘টিম জার্নালিস্ট’-এর সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মো. সাইফুল ইসলাম খান।

শনিবার (২০ জুন) কুলাউড়া শহরের পাকশী রেস্টুরেন্টে আয়োজিত এ মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক বিষয়, নাগরিক সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সামাজিক সচেতনতা এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য পরিকল্পনা ও প্রত্যাশা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখতে গিয়ে সাইফুল ইসলাম খান বলেন, ছাত্রজীবন থেকেই তিনি আদর্শভিত্তিক সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। ছাত্রশিবির থেকে শুরু করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামেও সক্রিয় ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে বিভিন্ন সময় তাকে নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে এবং কারাবরণও করতে হয়েছে।

তিনি বলেন, “আমি দীর্ঘদিন শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত ছিলাম। বর্তমানে কুলাউড়া শহরে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছি। জীবনের এই দীর্ঘ পথচলায় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেছি। খুব কাছ থেকে দেখেছি সাধারণ মানুষের সংগ্রাম, সীমাবদ্ধতা, প্রত্যাশা ও হতাশার গল্প। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর অনেক সমস্যা রয়েছে, যেগুলো অনেক সময় যথাযথ গুরুত্ব পায় না। মানুষের কথা শোনা এবং তাদের বাস্তব পরিস্থিতি উপলব্ধি করার মধ্য দিয়েই জনসেবার প্রতি আমার আগ্রহ তৈরি হয়েছে।”

নিজের রাজনৈতিক দর্শনের কথা তুলে ধরে তিনি বলেন, “আমি কোনো পদ বা ব্যক্তিগত সুবিধার জন্য নয়, মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে চাই। কুলাউড়াবাসীর সেবক হয়ে কাজ করতে চাই। মানুষের সমস্যা শুনে তার সমাধানের চেষ্টা করা এবং উন্নয়ন কার্যক্রমে সবাইকে সম্পৃক্ত করাই আমার মূল লক্ষ্য।”

সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, “স্থানীয় সরকার ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো মানুষের পাশে থাকা এবং তাদের প্রয়োজন অনুযায়ী কাজ করা। উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণ নয়; উন্নয়ন মানে মানুষের জীবনমানের উন্নতি, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসার এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা।”

তিনি আরও বলেন, “কুলাউড়ার বিভিন্ন এলাকায় এখনো যোগাযোগ ব্যবস্থা, নাগরিক সুবিধা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়নের সুযোগ রয়েছে। তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, মাদক ও সামাজিক অবক্ষয় প্রতিরোধ, কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ প্রয়োজন। আমি চাই জনসম্পৃক্ততার মাধ্যমে একটি অংশগ্রহণমূলক উন্নয়নের ধারা গড়ে উঠুক।”

সাংবাদিকদের উদ্দেশ্যে সাইফুল ইসলাম খান বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা সমাজকে এগিয়ে নিয়ে যান। কুলাউড়ায় কর্মরত সকল সাংবাদিকের সহযোগিতা, পরামর্শ ও গঠনমূলক সমালোচনাকে আমি ইতিবাচকভাবে গ্রহণ করতে চাই। কারণ গণমাধ্যম ও জনসম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।”

তিনি বলেন, “যদি জনগণ আমাকে দায়িত্ব পালনের সুযোগ দেন, তাহলে আমি সকল রাজনৈতিক মত-পথের ঊর্ধ্বে উঠে কুলাউড়ার মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করবো। উন্নয়ন ও জনসেবার প্রশ্নে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।”

এ সময় উপস্থিত ছিলেন টিম জার্নালিস্টের প্রধান উপদেষ্টা ও দৈনিক দিনকালের উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক এম মুক্তাদির হোসেন, দৈনিক দেশের কণ্ঠের প্রতিনিধি রফিকুল ইসলাম মামুন, দৈনিক ভোরের পাতার প্রতিনিধি রুবেল বখস পাবেল, দৈনিক আমাদের পত্রিকার প্রতিনিধি শামসু উদ্দিন বাবু, দৈনিক গণকণ্ঠের জেলা প্রতিনিধি সৈয়দ মিসবাহ, দৈনিক জন-জাগরণের প্রতিনিধি কামরুজ্জামান জুয়েল, প্রতিদিনের সময়ের প্রতিনিধি আজিজুল ইসলাম, স্বদেশ বিচিত্রার প্রতিনিধি মনোয়ার আহমেদ, দৈনিক জনবাণীর প্রতিনিধি জামাল হোসেন তারেক, দৈনিক লাখোকণ্ঠের প্রতিনিধি শুভন আহমেদ, নাগরিক টেলিভিশনের প্রতিনিধি মাহফুজুর রহমান মাহী, আলোকিত কুলাউড়ার পরিচালক নাইমুল ইসলাম, দি কুলাউড়ার পরিচালক শাফি আহমদ, বিডিলাইনের পরিচালক শাহরিয়ার আহমেদ এবং সংবাদকর্মী তাহমিদুর রহমানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২