মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়।
পুলিশ জানায়, জেলার অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, মাদক কারবারিদের গ্রেফতার এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (৩১ জুলাই ২০২৬) রাত সাড়ে ১১টার দিকে কুলাউড়া থানার একটি আভিযানিক দল উপজেলার ৮ নম্বর রাউৎগাঁও ইউনিয়নের রবিরবাজার-মনরাজ সড়কের পাশে অভিযান চালায়।
অভিযান চলাকালে ইয়াবা কেনাবেচার সময় মো. হাসান মুমিন (২৭), পিতা: জামাল উদ্দিন, গ্রাম: কলিরকোনা এবং হৃদয় আহমেদ (২২), পিতা: আব্দুল হাকিম, গ্রাম: উত্তর রাজনগর—উভয়কে হাতেনাতে গ্রেফতার করা হয়। তারা কুলাউড়া উপজেলার বাসিন্দা।
পুলিশের দাবি, গ্রেফতারকৃতদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
এ ঘটনায় কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, একই দিনে পৃথক অভিযানে একটি সিআর ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট তিনজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে কুলাউড়া থানা পুলিশ।
জেলা পুলিশ জানিয়েছে, মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।