বিপুল উৎসাহ-উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ বিশ্বরোড মোড় এলাকায় সংগঠনটির কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. নাসিরুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার আলহাজ্ব শহীদ হাবিবুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাই দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আশরাফুল ইসলাম রঞ্জু।
স্বাগত বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মো. শাহীন আকতার এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মো. রিপন আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের ভাইস চেয়ারম্যান ও দৈনিক চিত্রের জেলা প্রতিনিধি মো. এনামুল হক নাসিম, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বদিরুজ্জামান রাজা বাবু, প্রধান উপদেষ্টা ও দৈনিক আমার সংগ্রামের ভোলাহাট প্রতিনিধি মোহাম্মদ রবিউল ইসলাম, সাদিকুল রহমান সানি, যুগ্ম মহাসচিব ও দৈনিক বাংলা নবকণ্ঠের জেলা প্রতিনিধি মো. ইমাম হাসান জুয়েল, অর্থসচিব মো. আবুল কাসেম এবং তথ্য ও প্রচার সম্পাদক মো. মাহিদুল ইসলাম ফরহাদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়; এটি মানুষের কথা বলা, সত্য তুলে ধরা এবং সমাজের অসংগতি ও অন্যায়ের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা রাখার মহান দায়িত্ব। সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের সততা, সত্যনিষ্ঠা ও ন্যায়নীতির প্রতি অবিচল থাকতে হবে।
তাঁরা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের দ্রুত বিস্তার, গুজব ও অপতথ্যের প্রবাহ এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা বর্তমানে সাংবাদিকতার বড় চ্যালেঞ্জ। তাই সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই, নিরপেক্ষতা বজায় রাখা এবং মানুষের আস্থা অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে।
বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশন গত ছয় বছর ধরে সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। আগামী দিনগুলোতেও সংগঠনটি সাংবাদিকদের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে এবং জেলার মানুষের সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও অনিয়মের চিত্র তুলে ধরবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
আলোচনা সভা শেষে সংগঠনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশনের উত্তরোত্তর সাফল্য, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা এবং সাংবাদিক সমাজের ঐক্য ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।