পিরোজপুরের জিয়ানগর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আনন্দ র্যালি, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জিয়ানগর উপজেলা আমির মাওলানা আলী হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জিয়ানগর উপজেলা সভাপতি ফরিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন ও মোস্তান হাফিজ। এছাড়া জিয়ানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মৎস্যজীবী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেন, “বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে মৎস্য খাতের ভূমিকা অপরিসীম। আমিষের চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে দেশীয় মাছ রক্ষা এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্য চাষ বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।”
তিনি উপজেলার নিবন্ধিত মৎস্যজীবীদের সার্বিক সুযোগ-সুবিধা বৃদ্ধির আশ্বাস দেন।
আলোচনা সভা শেষে উপজেলার সফল মৎস্য চাষীদের সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়। এর আগে সকালে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। পরে একটি জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়।