জয়পুরহাটের পুরানাপুল এলাকায় চিলাহাটি থেকে রাজশাহীগামী ‘বরেন্দ্র এক্সপ্রেস’ (৭৩২ নম্বর) ট্রেনের একটি বগির কয়েল স্প্রিং ও বডি ভেঙে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে চালক ও ট্রেন পরিচালকের তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ট্রেনটির শত শত যাত্রী।
স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা যায়, শনিবার সকালে চিলাহাটি থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসে বরেন্দ্র এক্সপ্রেস। ট্রেনটি জয়পুরহাটের পুরানাপুল রেলগেট এলাকা পার হওয়ার পরপরই একটি বগির কয়েল স্প্রিং ও বডি ভেঙে নিচের দিকে নেমে যায়। বিষয়টি বুঝতে পেরে দ্রুত ট্রেন থামানো হয়। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
ট্রেনের পরিচালক আনোয়ার হোসেন জানান, চলন্ত অবস্থায় স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি দ্রুত বুঝতে পারায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে। ফলে ভয়াবহ দুর্ঘটনা থেকে ট্রেন ও যাত্রীরা রক্ষা পেয়েছেন।
এ ঘটনায় ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে ক্ষতিগ্রস্ত বগি পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কার্যক্রম শুরু করে সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষ।