কক্সবাজারের টেকনাফে এপিবিএনের অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ একাধিক ধারায় দায়ের করা মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ২৪ নম্বর লেদা এপিবিএন ক্যাম্পের আওতাধীন মৌলভীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এপিবিএন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) শহীদ আলমের নেতৃত্বে রাত্রীকালীন মোবাইল টহল দল অভিযান চালিয়ে নিজ শেড থেকে সাদ্দাম হোসেন (২২) নামে ওই যুবককে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার সাদ্দাম হোসেন লেদা মৌলভীপাড়া এলাকার নূরুল আলম ওরফে ধইল্লার ছেলে। তিনি হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, সাদ্দাম হোসেনের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা নম্বর-০৬, তারিখ ১ আগস্ট ২০২৬ দায়ের করা হয়েছে। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধিত-২০০৩)-এর ১১(খ) ধারাসহ দণ্ডবিধির ৩০৭, ৩২৫, ৩২৬ ও ৫০৬(২) ধারায় করা হয়েছে।
গ্রেপ্তারের পর আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় লেদা এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে বিষয়টি লিপিবদ্ধ করা হয়েছে।