| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি, আন্তঃজেলা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

৩টি চোরাই ব্যাটারিচালিত অটোরিকশা, হ্যান্ডকাফ ও ওয়াকিটকি উদ্ধার

হারুন রশীদ শেখ
আপডেট: ২১ আগস্ট ২০২৬, ০৩:৫২
ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি, আন্তঃজেলা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
ছবিঃ নিউজ.জংশন

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে আন্তঃজেলা চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তিনটি চোরাই ব্যাটারিচালিত অটোরিকশা, একটি হ্যান্ডকাফ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গজারিয়া থানাধীন চরবাউশিয়া এলাকায় অভিযান পরিচালনার সময় একটি অটোরিকশায় দুই ব্যক্তিকে যেতে দেখে পুলিশের সন্দেহ হয়। তাদের একজনের কাছে পুলিশের ওয়াকিটকির মতো একটি বস্তু এবং অপরজনের কাছে হ্যান্ডকাফ দেখা যায়। পুলিশ তাদের থামার সংকেত দিলে তারা অটোরিকশাটি গলির ভেতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে।

পরে বড়কান্দি এলাকার জেনিসিস কিন্ডারগার্টেন স্কুলের সামনে পুলিশ অটোরিকশাটির গতিরোধ করে তাদের পরিচয় জানতে চায়। তারা নিজেদের মো. শামীম সৌরভ (৩২) ও মো. শাকিব ওরফে শাকিল (২৪) বলে পরিচয় দেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা প্রথমে নিজেদের পুলিশ সদস্য বলে দাবি করলেও কোনো পরিচয়পত্র দেখাতে পারেননি।

পুলিশের দাবি, ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, ভুয়া ডিবি পুলিশ পরিচয় ব্যবহার করে হ্যান্ডকাফ ও ওয়াকিটকি প্রদর্শনের মাধ্যমে অটোরিকশাচালকদের ভয় দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলতেন। পরে অটোরিকশা চুরি করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

পুলিশ সুপার মুন্সীগঞ্জ মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেনের তদারকিতে অভিযান আরও জোরদার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার, মুন্সীগঞ্জ সদর সার্কেল মো. ইমরান আহমেদ পিপিএম-সেবার তত্ত্বাবধানে গজারিয়া থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকা থেকে চোরাই অটোরিকশার ক্রেতা মো. হাবিবুর (৪০)কে গ্রেপ্তার করে। তার হেফাজত থেকে দুটি চোরাই ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।

পরে হাবিবুরকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে মো. কাশেম ঢালী (৫০)কে একটি চোরাই ব্যাটারিচালিত অটোরিকশাসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মো. শামীম সৌরভ (৩২), বরগুনার আমতলীর মো. শাকিব ওরফে শাকিল (২৪), নারায়ণগঞ্জের বন্দরের মো. হাবিবুর (৪০) এবং মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর মো. কাশেম ঢালী (৫০)।

অভিযানে তিনটি চোরাই ব্যাটারিচালিত অটোরিকশা, একটি হ্যান্ডকাফ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং চক্রটির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২