যশোরের মনিরামপুরে অভিযান চালিয়ে অনলাইন জুয়া ও বেটিং ব্যবসার সঙ্গে জড়িত চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (১৩ আগস্ট) যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিরস্ত্র) মো. কামরুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্সের সমন্বয়ে গঠিত একটি দল মনিরামপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নেহালপুর কালীবাড়ী বাজারে মো. রেজাউল করিমের চায়ের দোকানে অভিযান চালানো হয়। সেখানে কয়েকজন ব্যক্তি অনলাইন জুয়া ও বেটিং পরিচালনা করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সংকেত দিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ ধাওয়া করে মো. শরিফুল ইসলাম (৪০), মো. বাহারুল ইসলাম (২৬), মো. ইসমাইল হোসেন রাজু (৩৫) ও মো. ইমরান হোসেনকে (২৩) আটক করে।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে অনলাইন বেটিং ও জুয়া পরিচালনার কথা স্বীকার করেছেন। তাদের কাছ থেকে একটি Zenx 2, একটি Vivo V30 Lite এবং একটি TECNO Spark 40C মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
ডিবি পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অনলাইন বেটিং এজেন্ট ও জুয়া সাইট/অ্যাপ ব্যবহার করে বিকাশ ও নগদের মাধ্যমে অর্থ লেনদেনসহ অবৈধ অনলাইন জুয়ার ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।