| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

থানায় সিআইডি কর্মকর্তাকে থাপ্পড়, কৃষকদল নেতা মুজিব বহিষ্কার

মোঃ সিয়াম হোসেন শামিম, দিনাজপুর
আপডেট: ১১ আগস্ট ২০২৬, ০৮:২৮
থানায় সিআইডি কর্মকর্তাকে থাপ্পড়, কৃষকদল নেতা মুজিব বহিষ্কার

দিনাজপুরে থানায় গিয়ে সিআইডির এক কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে জেলা কৃষকদলের সদস্য সচিব মজিবুর রহমান মুজিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার পর দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাকে সংগঠনের সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে মুজিবুর রহমান মুজিবকে গ্রেপ্তার করা হয়। তিনি দিনাজপুর পৌর শহরের বালুয়াডাঙ্গা এলাকার শেখ ইসমাইলের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, রোববার রাতে একটি মামলার নথিপত্র সংগ্রহ করতে দিনাজপুর কোতোয়ালি থানায় যান সিআইডি কর্মকর্তা মো. নওয়াবুর রহমান। নথিপত্র সংগ্রহের পর ওসি কক্ষের সামনে অবস্থানকালে এক ব্যক্তি তার কাছে ওসি কোথায় আছেন জানতে চান। জবাবে নওয়াবুর রহমান নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে তদন্তের কাজে থানায় এসেছেন বলে জানান।

এ সময় ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে একপর্যায়ে মজিবুর রহমান মুজিব ওই কর্মকর্তার গালে সজোরে থাপ্পড় মারেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

ঘটনার সময় থানায় থাকা কয়েকজন পুলিশ সদস্য দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। মামলার এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, সিআইডি কর্মকর্তার পরিচয় জানার পর অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে তাকে ও পুলিশ পরিবারের সদস্যদের উদ্দেশে অশ্লীল ও মানহানিকর বক্তব্য দেন এবং ভয়ভীতি প্রদর্শন করেন।

এ ঘটনায় সিআইডি কর্মকর্তা মো. নওয়াবুর রহমান বাদী হয়ে রাতে দিনাজপুর কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় মজিবুর রহমান মুজিবসহ অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করা হয়েছে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুর নবী বলেন, মজিবুর রহমান মুজিবকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।

দল থেকে বহিষ্কার

এদিকে সোমবার (১০ আগস্ট) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মজিবুর রহমান মুজিবকে বহিষ্কারের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দিনাজপুর জেলা কৃষকদলের সদস্য সচিব মজিবুর রহমান মুজিবকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে তার সঙ্গে দলীয় নেতাকর্মীদের কোনো ধরনের যোগাযোগ না রাখার জন্য অনুরোধ করা হয়েছে। কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

দিনাজপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী বলেন, ‘কারও ব্যক্তিগত অন্যায়ের দায় দল নেবে না। তাই মজিবুর রহমান মুজিবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২