দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশা পূরণ করে অবশেষে নিয়মিত হলো বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট। রবিবার দুপুরে যাত্রীদের স্বাগত জানিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, বিমানের দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করতে এবং ভাড়া যৌক্তিক পর্যায়ে আনতে সরকার কাজ করছে।
এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেট-কক্সবাজার রুটে ফ্লাইট চালু এবং সবজি রপ্তানিতে সিলেটকে শীর্ষে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও জানান।
রবিবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ম্যানচেস্টার থেকে সরাসরি ফ্লাইট বিজি-২০৮-এ আসা যাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা। এসময় উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির।
কখনো লোকসান, কখনো উড়োজাহাজ সংকটের অজুহাতে বারবার বন্ধ রাখা হয়েছে সিলেট-ম্যানচেস্টার রুট। ফলে ঢাকা হয়ে বাড়তি ভাড়া ও দুর্ভোগ পোহাতে হতো হাজারো প্রবাসীকে। গত ১ মার্চ থেকে বন্ধ থাকা এই ফ্লাইট নিয়মিত করার দাবিতে যুক্তরাজ্যপ্রবাসী সিলেটি কমিউনিটি দীর্ঘদিন আন্দোলন চালিয়ে আসছিলেন। সরকার প্রধানের নির্দেশে ফের চালু হয়েছে রুটটি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী।
তিনি বলেন, প্রবাসীদের অগ্রাধিকার দিচ্ছে সরকার। বিমানের দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করতে এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের ভাড়া নিয়েও কাজ করছে সরকার।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, সিলেট-কক্সবাজার রুটেও শিগগিরই ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ভবিষ্যতে সিলেট অঞ্চল এবং ভারতের বিভিন্ন প্রতিবেশী রাজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক হাবে পরিণত হবে। রপ্তানির লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে সিলেটে প্যাকিং হাউস নির্মাণের কথা জানান তিনি। তার মতে সবজি রপ্তানিতে সিলেট প্রথম হবে।
মন্ত্রীর এই ঘোষণায় সিলেটের কৃষিভিত্তিক অর্থনীতি ও রপ্তানি খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একইসঙ্গে বিমানবন্দরকে ঘিরে আঞ্চলিক সংযোগ বাড়লে সিলেটের ব্যবসা-বাণিজ্য ও পর্যটনে ইতিবাচক প্রভাব পড়বে বলেও ধারণা তাদের।
ম্যানচেস্টার থেকে আসা যাত্রীরা প্রথম দিনের সেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। প্রাথমিকভাবে সপ্তাহে দুটি ফ্লাইট- প্রতি শনি ও মঙ্গলবার- ঢাকা থেকে সিলেট হয়ে ম্যানচেস্টার যাতায়াত করবে।
সিলেট-ম্যানচেস্টার আকাশপথ ফের চালু হওয়া এবং বাণিজ্যমন্ত্রীর নতুন এই ঘোষণা- দুটোই সিলেটের প্রবাসী ও ব্যবসায়ী সম্প্রদায়ের জন্য বাড়তি প্রত্যাশা তৈরি করেছে।