সুনামগঞ্জের ধর্মপাশায় কন্যা ও শিশু নির্যাতন, হয়রানি এবং নারী সহিংসতা প্রতিরোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ, মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, যুগ্ম আহ্বায়ক বিএসসি মজিবুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. লিয়াকত আলী, উপজেলা কৃষি কর্মকর্তা রাহাত হাসান তুষার এবং ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল্লাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, সেলবরষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকাররম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাসহ শিক্ষা বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকরা।
সভায় বক্তারা কন্যা ও শিশু নির্যাতন, যৌন হয়রানি ও নারী সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তারা এ ধরনের অপরাধের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।