| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

নরসিংদীর দুই কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ

দায়িত্বে অবহেলার অভিযোগে শিক্ষক প্রত্যাহার, তদন্তে জেলা প্রশাসন

নরসিংদী প্রতিনিধি
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৯:২৫
নরসিংদীর দুই কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ
সংগৃহীত ছবি

নরসিংদীর দুটি এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে নৈর্ব্যক্তিক (এমসিকিউ) পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সদর উপজেলার নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র এবং মনোহরদী উপজেলার খিদিরপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। এতে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থীরা জানান, পরীক্ষা শুরুর ১০ থেকে ১৫ মিনিট পর তারা বুঝতে পারেন যে তাদের ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়া হয়েছে। বিষয়টি দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের জানালে পরে সঠিক প্রশ্নপত্র দেওয়া হলেও অতিরিক্ত সময় দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।

কেন্দ্র সচিব ও নরসিংদী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নাছিমা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুলবশত কিছু শিক্ষার্থীকে পুরোনো সিলেবাসের প্রশ্নপত্র বিতরণ করা হয়েছিল। বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে সঠিক প্রশ্নপত্র সরবরাহ করা হয়। তিনি জানান, ঘটনার পর দায়িত্বে থাকা দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে এবং বিস্তারিত তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।

নরসিংদী সরকারি মহিলা কলেজ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রাসেদুজ্জামানকে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার বলেন, ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে মনোহরদী উপজেলার খিদিরপুর ডিগ্রি কলেজ কেন্দ্রেও প্রায় শতাধিক পরীক্ষার্থীকে নির্ধারিত এমসিকিউ প্রশ্নপত্রের পরিবর্তে বাংলা প্রথম পত্রের ভিন্ন সেটের প্রশ্নপত্র দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। পরীক্ষা শেষে বাড়িতে গিয়ে উত্তর মিলানোর সময় বিষয়টি জানতে পারেন শিক্ষার্থীরা।


মনোহরদী সরকারি কলেজের পরীক্ষার্থী সাকিবা বলেন, পরীক্ষার হলে তারা ভুলটি বুঝতে পারেননি। পরে উত্তর মিলিয়ে জানতে পারেন ভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছেন। এতে ফলাফল নিয়ে তারা উদ্বিগ্ন।

খিদিরপুর ডিগ্রি কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নাজিম উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে বিষয়টি নিয়ে পরে কথা বলবেন বলে জানিয়েছেন।

মনোহরদী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল মান্নান বলেন, দায়িত্বে থাকা শিক্ষকদের অবহেলার কারণেই এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি সমাধানে ঢাকা শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. মুহাইমিন আল জিহান বলেন, প্রশ্নপত্র সরবরাহের প্রক্রিয়া বিবেচনায় এমন ভুল হওয়ার সুযোগ খুবই কম। প্রাথমিকভাবে দায়িত্বে থাকা শিক্ষকদের ভুলেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে দায়িত্বে থাকা চার শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্র সচিবের বিরুদ্ধেও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, কোনো পরীক্ষার্থী যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে শিক্ষা বোর্ডকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২