রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ট্রাফিক মোড়ে পথ হারানো দুই স্কুলশিশুকে উদ্ধার করে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে বানেশ্বর ট্রাফিক পুলিশ। পুলিশের মানবিক ও দায়িত্বশীল এ ভূমিকা স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে স্কুল ড্রেস পরিহিত দুই শিশুকে বানেশ্বর ট্রাফিক মোড়ে কান্নারত অবস্থায় ঘোরাফেরা করতে দেখেন ডিউটিরত সার্জেন্ট টিপু। বিষয়টি নজরে আসার পর তিনি শিশু দুটিকে ট্রাফিক পুলিশ বক্সে নিয়ে যান এবং টিআই মুতালেবুর রহমানের কাছে হস্তান্তর করেন।
পরে শিশুদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা দুজনই তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। টিফিনের সময় স্কুল থেকে বের হয়ে একটি ভ্যানে করে বানেশ্বর বাজারে এলেও এরপর কোথায় যাবে তা বলতে পারছিল না তারা।
পরবর্তীতে ট্রাফিক পুলিশের উদ্যোগে শিশুদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। জানা যায়, তাদের বাড়ি রাজশাহীর পবা থানার তরফ পারিলা গ্রামে। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের পর শিশু দুটিকে নিরাপদে তাদের অভিভাবকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
সঠিক সময়ে সার্জেন্ট টিপু ও টিআই মুতালেবুর রহমানের দ্রুত এবং মানবিক পদক্ষেপে পথ হারানো দুই শিশু নিরাপদে পরিবারের কাছে ফিরতে সক্ষম হয়।
স্থানীয়রা জানান, দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশের এমন মানবিক কর্মকাণ্ড সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা ও ভালোবাসা বাড়ায়। বিশেষ করে শিশুদের নিরাপত্তার বিষয়ে ট্রাফিক পুলিশের এ ধরনের দায়িত্বশীল ভূমিকা সত্যিই প্রশংসার দাবিদার।
স্থানীয় জনগণ বানেশ্বর ট্রাফিক পুলিশের দ্রুত তৎপরতা ও মানবিক কাজের জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান।