রংপুর জিলা স্কুলের সাবেক জনপ্রিয় শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন শিক্ষকসহ তাঁর পুরো পরিবারের ওপর এমন নৃশংস হত্যাকাণ্ড অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
বক্তারা আরও বলেন, হত্যাকাণ্ডের পেছনে থাকা মূল হোতাদের খুঁজে বের করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় শিক্ষক সমাজ ও সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।