রংপুরের পীরগঞ্জে সার সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চরম ভোগান্তিতে পড়েছেন কৃষকরা। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা কৃষকদের দৈনন্দিন ও জরুরি কাজ ফেলে ঘণ্টার পর ঘণ্টা সার পাওয়ার আশায় অপেক্ষা করতে দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন সার বিতরণকেন্দ্রে কৃষকদের উপচে পড়া ভিড়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অনেক কৃষককে তীব্র গরম ও নানা দুর্ভোগ সহ্য করে সার সংগ্রহ করতে হচ্ছে। ফলে মাঠের কৃষিকাজসহ গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হচ্ছে তাদের।
ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, সময়মতো পর্যাপ্ত সার সরবরাহ না পাওয়া এবং বিতরণ ব্যবস্থাপনায় সমন্বয়ের অভাবেই এমন দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। এতে কৃষকদের মূল্যবান সময় নষ্ট হওয়ার পাশাপাশি নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে।
স্থানীয় কৃষকরা দ্রুত এ অব্যবস্থাপনা দূর করে পর্যাপ্ত সার সরবরাহ এবং সুশৃঙ্খল ও সহজ পদ্ধতিতে সার বিতরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।