| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

বেনাপোল সীমান্তে বিজিবির পৃথক অভিযান: ইয়াবা-গাঁজাসহ আটক ২

মোঃ বিপ্লব ইসলাম
আপডেট: ১৮ আগস্ট ২০২৬, ১২:০১
বেনাপোল সীমান্তে বিজিবির পৃথক অভিযান: ইয়াবা-গাঁজাসহ আটক ২
ছবিঃ নিউজ জংশন

যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালান পণ্যসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ভারতীয় ইয়াবা, গাঁজা, শাড়ি, কম্বল, জিরা, ফুসকা ও বিপুল পরিমাণ কসমেটিকসসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—বেনাপোল পোর্ট থানার গাজীপুর গ্রামের মৃত রেজাউল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (২৮) এবং ঝিকরগাছা থানার বেলেবটতলা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুল আজিজ (৪৫)।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (১৭ আগস্ট ২০২৬) দিনব্যাপী যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ টহলদল, বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপির যৌথ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। পৃথক অভিযানে সন্দেহজনক গতিবিধির ভিত্তিতে দুই ব্যক্তিকে আটক করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে ১৫ পিস ভারতীয় ইয়াবা, ৪ কেজি গাঁজা, একটি মোবাইল ফোন, ৭৯টি শাড়ি, দুটি কম্বল, ৩.৫ কেজি জিরা, ১০ কেজি ফুসকা, ২৫৮টি কসমেটিকস সামগ্রী এবং নগদ ৬৪০ টাকা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ১০ হাজার ৫৪০ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান (পিএসসি) বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন চোরাচালান পণ্য উদ্ধার এবং দুই ব্যক্তিকে আটক করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ পণ্য পাচার রোধে বিজিবির নজরদারি আরও জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আটক দুই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২