ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের সাতটি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, চট্টগ্রামে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে। জেলা প্রশাসকের জরুরি অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন ও ২৪ পদাতিক ডিভিশন বন্যাদুর্গত এলাকায় অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে।
ইতোমধ্যে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলা ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। এতে প্রায় চার লাখ মানুষ পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত হয়েছেন। এসব এলাকায় জরুরি উদ্ধার তৎপরতা চালাতে ১০ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে উদ্ধারকারী দল ও প্রয়োজনীয় সরঞ্জাম মোতায়েন করা হয়েছে।
এদিকে, ভারী বর্ষণের ফলে বোয়ালখালী, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলাতেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এসব এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য ২৪ পদাতিক ডিভিশনের সেনাসদস্যদের মোতায়েন করা হয়েছে। আটকে পড়া মানুষদের উদ্ধারে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করছে।
দ্রুত ও সুশৃঙ্খলভাবে উদ্ধার অভিযান এবং ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ২৪ পদাতিক ডিভিশনের উদ্যোগে বন্যাদুর্গত এলাকায় তিনটি অস্থায়ী ক্যাম্পও স্থাপন করা হয়েছে।
আইএসপিআর জানায়, দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সাধারণ মানুষের জানমাল রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় প্রস্তুত। দুর্গত এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এ কার্যক্রম অব্যাহত থাকবে।