কক্সবাজারের টেকনাফে মানবপাচার ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
তিনি বলেন, মানবপাচার ও মাদক ব্যবসার মতো অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন। কোথাও মানবপাচার, মাদক পরিবহন, বিক্রি কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিদের আনাগোনা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য থাকলে তা পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।
ওসি সাইফুল ইসলাম বলেন, অনেক সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা রাতে নিজ বাড়িতে অবস্থান না করে অন্যত্র চলে যায়। তাদের চলাচল ও কর্মকাণ্ড সম্পর্কে স্থানীয়ভাবে পাওয়া সুনির্দিষ্ট তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানকে আরও কার্যকর করতে পারে।
তবে তথ্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মিথ্যা, বানোয়াট বা ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে কোনো নিরীহ মানুষকে যেন হয়রানি করা না হয়। কোনো অভিযোগ বা তথ্য পাওয়ার পর তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
টেকনাফকে মানবপাচার ও মাদকমুক্ত রাখতে স্থানীয় বাসিন্দাদের দায়িত্বশীলভাবে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান ওসি সাইফুল ইসলাম।