রাজশাহীর মোহনপুরে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (IUGIP) আওতায় কেশরহাট পৌরসভার মাস্টার প্ল্যান (MP) প্রণয়নের লক্ষ্যে পরামর্শকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভাটি মোহনপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। মাস্টার প্ল্যান প্রণয়নের মাধ্যমে কেশরহাট পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত ও টেকসই নগর হিসেবে গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে সভায় আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা রহমান।
এ সময় বিশেষ অতিথি ও আমন্ত্রিত প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী, কেশরহাট পৌরসভার প্রকৌশলী, কেশরহাট পৌরসভার বিএনপি নেতা খুশবুর, বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. বাচ্চু এবং মোহনপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় বক্তারা বলেন, পরিকল্পিত নগরায়নের জন্য একটি কার্যকর মাস্টার প্ল্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর আওতায় উন্নত পানি নিষ্কাশন ব্যবস্থা, সড়ক যোগাযোগের আধুনিকায়ন, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং কৃষিজমি রক্ষার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
এ সময় কেশরহাট পৌরসভার ভবিষ্যৎ অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধির বিভিন্ন প্রস্তাব ও মতামত তুলে ধরেন সংশ্লিষ্ট কর্মকর্তা, পৌরসভা প্রতিনিধি এবং স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা কেশরহাট পৌরসভাকে আধুনিক, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে মাস্টার প্ল্যান বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।