যশোরে ৩৫০ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বারসহ ওসমান গনি (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা স্বর্ণের সিজার মূল্য ৭৭ লাখ ৪২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ওসমান গনি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের মৃত রজব বেপারীর ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক টহলদল দাইতলা ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওসমান গনিকে আটক করে তল্লাশি চালানো হয়। তার শরীরে বিশেষভাবে লুকিয়ে রাখা দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
এ ছাড়া তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন ও নগদ ১১ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়েছে।
বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওসমান গনি জানিয়েছেন, তিনি ঢাকা থেকে স্বর্ণের বার দুটি নিয়ে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার করা স্বর্ণের মূল্য ৭৭ লাখ ৪২ হাজার টাকা। এছাড়া বাটন মোবাইলের মূল্য ১ হাজার টাকা এবং নগদ ১১ হাজার ৬০০ টাকাসহ জব্দ করা মালামালের মোট মূল্য ৭৭ লাখ ৫৪ হাজার ৬০০ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।