বৃহস্পতিবার রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার ছাবাল শাহর মাজারে গানের আসরে মুগ্ধতা ছড়িয়েছিলেন বাউলশিল্পী পেহলি ভৈরবী। কিন্তু রাত পেরিয়ে শুক্রবার সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের কাশিকাপন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।
নিহত পেহলি ভৈরবী (২৩) কিশোরগঞ্জের ভৈরব উপজেলার চন্ডিবের এলাকার বাবুল মিয়ার মেয়ে। তিনি ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হন। এ দুর্ঘটনায় শিশুসহ মোট ৯ জন নিহত এবং অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতের গানের আসরে পেহলি ভৈরবীর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। অনেকেই তার গান মোবাইলে ধারণ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারও করেন। এর আগেও তিনি ছাবাল শাহর মাজারের অনুষ্ঠানে গান পরিবেশন করেছিলেন।
জানা গেছে, শুক্রবার সকাল ৭টার দিকে কাশিকাপন এলাকায় ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, ওভারটেক করতে গিয়ে সংঘর্ষের পর একটি বাস সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে পেহলি ভৈরবী ছাড়াও শিশু জাইফা, সপ্তম রায় প্রীতম, সাইফুল ইসলাম, আবুল হোসেন ও আরমান হোসেন রাহিমের পরিচয় নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।