নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে ওমর ফারুক নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নম্বর ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক তারাব পৌরসভার মাসাব এলাকার সবুজ মিয়ার ছেলে এবং মাসাবো তাকওয়া ইসলামিয়া এতিমখানার নাজেরা বিভাগের শিক্ষার্থী।
মাসাবো তাকওয়া ইসলামিয়া এতিমখানার ভারপ্রাপ্ত মুহতামিম মোহাম্মদ রাশেদ মিয়া জানান, প্রতিদিনের মতো শনিবারও মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত হয়। বিকেলে শিক্ষার্থীরা খেলাধুলার জন্য বাইরে যাওয়ার আগ্রহ প্রকাশ করলে শিক্ষকদের সঙ্গে নিয়ে তাদের গোলাকান্দাইলের ৫ নম্বর ক্যানেল এলাকার ভুইয়ার পুকুরসংলগ্ন বালুর মাঠে নেওয়া হয়।
খেলাধুলার একপর্যায়ে ওমর ফারুক পুকুরে গোসল করতে নামে। পরে তাকে দেখতে না পেয়ে স্থানীয়দের সহযোগিতায় অনেকক্ষণ খোঁজাখুঁজি করা হয়। তাকে না পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
কাঞ্চন ফায়ার সার্ভিসের সাব-অফিসার আবুল খায়ের বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে যায়। পরে প্রায় আধাঘণ্টার চেষ্টায় পুকুর থেকে ওমর ফারুককে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।