কক্সবাজারের রামু উপজেলায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস অবৈধ বিদেশি সিগারেট জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। এ ঘটনায় বেলাল উদ্দিন (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে রামু উপজেলার খুনিয়াপালং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর আনুমানিক ২টার দিকে র্যাব-১৫-এর সিপিএসসি আভিযানিক দল রামু থানাধীন খুনিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব ধেচুয়াপালং এলাকায় অভিযান চালায়। এ সময় সোনা মিয়ার একটি টিনশেড দোকানের পাশ থেকে অবৈধভাবে মজুত করা বিদেশি সিগারেটসহ বেলাল উদ্দিনকে আটক করা হয়।
পরে তার দেখানো স্থান থেকে দুটি সাদা পলিথিনে রাখা ১০০ বক্স বিদেশি ‘মন্ড’ (Mond) সিগারেট উদ্ধার করা হয়। প্রতিটি বক্সে ২০ প্যাকেট করে মোট ২০ হাজার পিস সিগারেট ছিল বলে জানিয়েছে র্যাব।
আটক বেলাল উদ্দিন রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধেচুয়াপালং এলাকার দানু মিয়া ও গুলতাজ বেগমের ছেলে।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল উদ্দিন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি সিগারেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করার কথা জানিয়েছেন।
অবৈধভাবে বিদেশি সিগারেট মজুত ও বিক্রির মাধ্যমে সরকারের রাজস্ব ফাঁকির অভিযোগে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। জব্দকৃত সিগারেটসহ তাকে সংশ্লিষ্ট রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়াও চলমান রয়েছে।