সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার আসামি জাকিরের মৃত্যুদণ্ড দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সিলেট আদালতপাড়ায় সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের সাবেক সিনিয়র সহ-সভাপতি সুনির্মল সেন। সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট জেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাহান উদ্দিন নাজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী ও সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামাল খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া।
মানববন্ধনে বক্তারা বলেন, শিশু ফাহিমা হত্যার সঙ্গে জড়িত জাকিরের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ন্যায়বিচারের স্বার্থে মামলার বিচারিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করার পাশাপাশি আদালত কর্তৃক মৃত্যুদণ্ডের রায় হয়ে থাকলে তা দ্রুত কার্যকর করার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, শিশু হত্যার মতো নৃশংস ঘটনায় কোনো ধরনের শিথিলতা বা দীর্ঘসূত্রতা কাম্য নয়। ফাহিমা হত্যার সুষ্ঠু বিচার ও দোষীর সর্বোচ্চ শাস্তি কার্যকরের মাধ্যমে সমাজে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার বার্তা দিতে হবে।
মানববন্ধনে সাংবাদিক, আইনজীবী, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।