বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, জনগণের জন্য বিএনপি যেভাবে কাজ করছে, তাতে আগামী পাঁচ বছরের মধ্যে ষড়যন্ত্রকারীদের রাজনীতি শেষ হয়ে যাবে। কোনো ধরনের চক্রান্ত বা ষড়যন্ত্র করে সরকারের অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে নরসিংদী সরকারি কলেজ প্রাঙ্গণে জেলা কৃষক দলের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, বৈশ্বিক উষ্ণতার কারণে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে দেশের মানুষকে রক্ষা করতে দলমত নির্বিশেষে সামাজিক আন্দোলনের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। ন্যায়নীতি ও সততার সঙ্গে প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, একটি মহল সরকার সফল হোক, তা চায় না। বিএনপি যেভাবে জনগণের জন্য কাজ করছে, আগামী পাঁচ বছরে তাদের রাজনীতি থাকবে না—এটা তারা বুঝে গেছে। তাই তারা বিরোধিতার জন্য নানা নন-ইস্যুকে ইস্যু করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তবে জনগণ বিএনপির পাশে রয়েছে। কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র করে সরকারের অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শফিকুল ইসলাম ভিপি আপেল। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম বাবুল এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব এবং ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দীপু হায়দার খানসহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষার্থী ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিভিন্ন প্রজাতির প্রায় দুই হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।