| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

সুন্দরবনে কোস্টগার্ড-বনদস্যু গোলাগুলিতে নিহত ১, আটক ‘দুলাভাই’ বাহিনীপ্রধান

গুলিবিদ্ধ অবস্থায় আটক বনদস্যু রবিউল ইসলাম ওরফে দুলাভাই; নিহত শওকতের পরিচয় নিয়ে ধোঁয়াশা, সুন্দরবনে কোস্টগার্ডের অভিযান অব্যাহত

খুলনা প্রতিনিধি
আপডেট: ২৬ জুন ২০২৬, ০২:৫১
সুন্দরবনে কোস্টগার্ড-বনদস্যু গোলাগুলিতে নিহত ১, আটক ‘দুলাভাই’ বাহিনীপ্রধান

সুন্দরবনের খুলনা রেঞ্জের গোলাখালি খাল এলাকায় কোস্টগার্ডের সঙ্গে বনদস্যু ‘দুলাভাই’ বাহিনীর গোলাগুলিতে শওকত সরদার (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বনদস্যু বাহিনীর প্রধান রবিউল ইসলাম ওরফে দুলাভাই গুলিবিদ্ধ অবস্থায় আটক হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত শওকত সরদার কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের মৃত এজাহার সরদারের ছেলে। ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তবে তিনি বনদস্যু নাকি সাধারণ জেলে—এ বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, সুন্দরবনে কোস্টগার্ড ও বনদস্যুদের মধ্যে গোলাগুলির ঘটনায় একজন বৃদ্ধ নিহত হয়েছেন বলে তারা খবর পেয়েছেন। একই ঘটনায় বনদস্যু ‘দুলাভাই’ বাহিনীর প্রধান রবিউল ইসলাম গুলিবিদ্ধ অবস্থায় আটক হয়েছেন। সুন্দরবনের ভেতরে কোস্টগার্ডের অভিযান এখনও চলমান রয়েছে। অভিযান শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে।

স্থানীয় বাসিন্দা ইয়াসিন গাজী জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বিকট গুলির শব্দে তাদের ঘুম ভেঙে যায়। একের পর এক গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক নারী-পুরুষ ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন এবং কেউ কেউ ছোট শিশুদের নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে গ্রাম ত্যাগ করেন।

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান খোকন বলেন, প্রথমে ধারণা করা হয়েছিল দুটি বনদস্যু বাহিনীর মধ্যে গোলাগুলি চলছে। তবে সকালে এলাকায় কোস্টগার্ডের উপস্থিতি দেখে বোঝা যায়, বনদস্যুদের সঙ্গে কোস্টগার্ডের বন্দুকযুদ্ধ হয়েছে। তার দাবি, নিহত শওকত সরদার একজন জেলে ছিলেন এবং কয়েকদিন আগে বনদস্যু দুলাভাই বাহিনী তাকে অপহরণ করেছিল।

গ্রামবাসীর ভাষ্য, মহেশ্বরীপুর গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম ওরফে দুলাভাই দীর্ঘদিন ধরে সুন্দরবনকেন্দ্রিক একটি বনদস্যু বাহিনী পরিচালনা করে আসছেন। বনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন দস্যু গোষ্ঠীর সঙ্গে তার বাহিনীর সংঘর্ষ প্রায়ই ঘটে।

সুন্দরবনের খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শরিফুল ইসলাম বলেন, রাতের গোলাগুলির খবর পাওয়ার পর কোস্টগার্ডকে অবহিত করা হয়। অভিযান শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে।

এদিকে ঘটনার বিষয়ে বক্তব্য জানতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহাবুব হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২