দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না করায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন জাতীয় দক্ষতামান বেসিক (৩৬০ ঘণ্টা মেয়াদি) কোর্স পরিচালনাকারী হবিগঞ্জের ১৩টি প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, যেসব প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে উল্লিখিত কোর্সে শিক্ষার্থী ভর্তি করছে না, সেসব প্রতিষ্ঠানের চলতি জুলাই-ডিসেম্বর ২০২৬ সেশনের ভর্তি কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। পাশাপাশি কেন তাদের পাঠদানের অনুমোদন বাতিল করা হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এ লক্ষ্যে গত ৮ জুন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পৃথকভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
সূত্র আরও জানায়, শুধু হবিগঞ্জ নয়, সারা দেশে জাতীয় দক্ষতামান বেসিক কোর্স পরিচালনাকারী ১ হাজার ৮৫টি প্রতিষ্ঠান একই কারণে বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিদর্শক মো. আল মাসুদ করিম বলেন, ‘বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদানসংক্রান্ত নীতিমালা-২০২৪’ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি, ফলাফল, অবকাঠামো, শিক্ষক-কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি, আসবাবপত্র, যন্ত্রপাতি, লাইব্রেরিসহ অন্যান্য শর্ত পূরণে ব্যর্থ হলে সরকারের অনুমোদনক্রমে বোর্ড সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি বাতিল বা প্রত্যাহার করতে পারে।
হবিগঞ্জের যেসব প্রতিষ্ঠান পাঠদানের অনুমোদন বাতিলের তালিকায় রয়েছে, সেগুলো হলো: হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, রামকৃষ্ণ মিশন কম্পিউটার ট্রেনিং সেন্টার, জামান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, ইব্রাহিম কম্পিউটার ট্রেনিং সেন্টার, ইউনিয়ন স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, ক্রিয়েটিভ কম্পিউটার ট্রেনিং সেন্টার, আইডিয়াল কম্পিউটার ইনস্টিটিউট, গ্লোবাল টেকনিক্যাল ইনস্টিটিউট, বার্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, প্রচেষ্টা টেকনিক্যাল ইনস্টিটিউট এবং এডলিড ট্রেনিং ইনস্টিটিউট।