| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

হরিপুরের ৩৬ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, পাঠদান ব্যাহত

১৮১ শিক্ষক পদ শূন্য; প্রশাসনিক কাজ সামলাতে গিয়ে হিমশিম ভারপ্রাপ্ত শিক্ষকদের

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০
হরিপুরের ৩৬ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, পাঠদান ব্যাহত
ছবিঃ নিউজ.জংশন

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ৩৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। এসব বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সহকারী শিক্ষকেরও রয়েছে ব্যাপক সংকট। ফলে প্রশাসনিক কাজের পাশাপাশি পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, হরিপুর উপজেলার ছয় ইউনিয়নে মোট ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৩৬টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য। এছাড়া সহকারী শিক্ষকসহ প্রধান, সহকারী ও সংরক্ষিত পদ মিলিয়ে মোট ১৮১টি পদ শূন্য রয়েছে।

উপজেলায় অনুমোদিত মোট শিক্ষক পদ ৬৮৭টি এবং সংরক্ষিত পদ ১৯টি হলেও বর্তমানে কর্মরত শিক্ষক রয়েছেন ৫২৫ জন। শিক্ষক সংকটের কারণে অনেক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের একই সঙ্গে প্রশাসনিক দায়িত্ব ও পাঠদান কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সহকারী শিক্ষক জানান, প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়ের প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে নানা সমস্যার সৃষ্টি হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের প্রশাসনিক কাজ সামলানোর পাশাপাশি ক্লাসও নিতে হয়। এতে কোনো কাজই পুরোপুরি সুষ্ঠুভাবে করা সম্ভব হচ্ছে না বলে তারা জানান।

ভাতুরিয়া ইউনিয়নের গোপালপুর ও ভূতডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়েও প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। একই ইউনিয়নে সহকারী শিক্ষকের ১৬টি পদ শূন্য বলে জানা গেছে।

হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহকারী শিক্ষক আনোয়ার হোসেন জানান, ২০২৫ সালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারা যাওয়ার পর থেকে পদটি শূন্য রয়েছে। বিদ্যালয়ে বর্তমানে ১০৪ জন শিক্ষার্থী রয়েছে এবং দুই শিফটে পাঠদান পরিচালিত হলেও প্রধান শিক্ষক না থাকায় বিভিন্ন কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এদিকে বকুয়া ইউনিয়নের তাঁতীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ছয় মাস ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। ডাঙ্গীপাড়া ইউনিয়নের শীতলপুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়েও সহকারী শিক্ষক মুরাদ বকস সরকার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। তাদের অভিযোগ, প্রশাসনিক দায়িত্ব পালনের কারণে নিয়মিত পাঠদানে সমস্যা হচ্ছে।

শিক্ষক সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরাও। তাদের অভিযোগ, শিক্ষক স্বল্পতার কারণে অনেক সময় নিয়মিত ক্লাস ব্যাহত হয় এবং শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। কেউ কেউ সন্তানদের সরকারি বিদ্যালয় থেকে কিন্ডারগার্টেনে ভর্তি করাতেও বাধ্য হয়েছেন বলে জানান।

এ বিষয়ে হরিপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাজ্জাদুর রহমান সাজ্জাদ বলেন, শূন্য পদ পূরণে নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। ইতোমধ্যে সরাসরি নিয়োগের বিষয়ে সার্কুলার দেওয়া হয়েছে। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে প্রধান শিক্ষকসহ শূন্য পদগুলো দ্রুত পূরণ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২